মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক নীতি অবৈধ ঘোষণা
মার্কিন সুপ্রিম কোর্ট শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ডোনাল্ড ট্রাম্পের জারি করা ব্যাপকভিত্তিক বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ বলে রায় দিয়েছে। এটিকে মার্কিন প্রেসিডেন্টের অর্থনৈতিক এজেন্ডার মূল নীতির ক্ষেত্রে একটি বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।
সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল উচ্চ আদালত ৬-৩ ব্যবধানে এই রায় প্রদান করে। আদালত জানিয়েছে, 'ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট' (আইইইপিএ) নামক জরুরি ক্ষমতা আইনটি প্রেসিডেন্টকে শুল্ক আরোপ করার ক্ষমতা প্রদান করে না।
তবে এই রায়ের ফলে ট্রাম্পের পৃথকভাবে আরোপিত স্টিল, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য পণ্যের ওপর নির্দিষ্ট খাতের শুল্কের কোনো পরিবর্তন হবে না। এছাড়া রায়ে বলা হয়েছে, সরকারের বেশ কিছু তদন্তের কাজ চলমান রয়েছে, যা থেকে ভবিষ্যতে আরও এ ধরনের নির্দিষ্ট খাতের শুল্ক আরোপিত হতে পারে। তবে এতোকিছু সত্ত্বেও, গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে এটি সুপ্রিম কোর্টে ট্রাম্পের সবচেয়ে বড় পরাজয়।
প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি এবং আলোচনার হাতিয়ার হিসেবে শুল্কের ওপর নির্ভর করলেও, তাঁর দ্বিতীয় মেয়াদে তিনি কার্যত সব মার্কিন ব্যবসায়িক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের জন্য জরুরি অর্থনৈতিক ক্ষমতার নজিরবিহীন ব্যবহার করেছিলেন।
এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ওয়াশিংটনের দৃষ্টিতে অন্যায্য বাণিজ্যিক আচরণের বিরুদ্ধে ‘পারস্পরিক’ শুল্ক আরোপের বিষয়টি। পাশাপাশি অবৈধ মাদক চোরাচালান এবং অভিবাসন ইস্যুতে প্রধান অংশীদার মেক্সিকো, কানাডা এবং চীনের ওপর আরোপিত শুল্কের বিষয়।
শুক্রবার আদালত উল্লেখ করেছে যে, ‘কংগ্রেস যদি আইইইপিএ-র মাধ্যমে শুল্ক আরোপের মতো সুনির্দিষ্ট এবং অসাধারণ ক্ষমতা প্রদানের ইচ্ছা পোষণ করত, তবে অন্যান্য শুল্ক বিধির মতো এখানেও তা স্পষ্টভাবে উল্লেখ করত।’ সুপ্রিম কোর্টের তিনজন উদারপন্থি বিচারক অন্য তিনজন রক্ষণশীল বিচারকের সঙ্গে একমত হয়ে এই রায় দেন। এর মাধ্যমে নিম্ন আদালতের সেই সিদ্ধান্তই বহাল রইল যেখানে বলা হয়েছিল যে, আইইইপিএ-র অধীনে ট্রাম্পের আরোপিত শুল্কগুলো অবৈধ ছিল।
রক্ষণশীল বিচারক ব্রেট কাভানো, ক্ল্যারেন্স থমাস এবং স্যামুয়েল আলিটো এই রায়ের বিপক্ষে ভিন্নমত পোষণ করেন।
প্রধান বিচারপতি জন রবার্টস তাঁর মতামত প্রদানের সময় উল্লেখ করেন যে, ‘আইইইপিএ আইনে শুল্ক বা করের কোনো উল্লেখ নেই।’
এর আগে মে মাসে একটি নিম্ন বাণিজ্য আদালত রায় দিয়েছিল যে, ট্রাম্প ঢালাওভাবে শুল্ক আরোপ করে তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এর অধিকাংশ সিদ্ধান্ত কার্যকর করার পথ বন্ধ করে দিয়েছিলেন। সরকারের আপিলের কারণে এতদিন সেই সিদ্ধান্তটি স্থগিত ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক