পেরুতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫
পেরুর আরেকুইপা অঞ্চলে একটি ভয়াবহ সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। যাত্রাপথে হঠাৎ হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পেরুভিয়ান বিমান বাহিনী ব্যাপক অনুসন্ধান চালিয়ে সোমবার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি চালা ভিয়েজোর কাছ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করে।
বিমান বাহিনীর বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনায় বিমানে থাকা চারজন ক্রু সদস্য ও ১১ জন যাত্রীসহ মোট ১৫ জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন- সাতজন শিশু, একজন বিমান বাহিনীর কর্নেলসহ আরও চারজন ব্যক্তি।
বিমান বাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি আরেকুইপা অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। সম্প্রতি ওই অঞ্চলে ব্যাপক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় মানবিক সহায়তা ও উদ্ধারের কাজে এটি নিয়োজিত ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক