সামরিক অভিযানে পাকিস্তানে ৩৪ সশস্ত্র সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে গত কয়েক দিনে পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে ৩৪ জন ‘ভারত সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই উচ্চ-মাত্রার অভিযানগুলো মূলত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। খবর জিও নিউজের।
আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ার চারটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ ২৬ সদস্যকে হত্যা করা হয়েছে। এর মধ্যে উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকায় ১২ জন ও বান্নু জেলার নারমি খেল এলাকায় ১০ জন সন্ত্রাসী নিহত হয়। এ ছাড়া লাকি মারওয়াত জেলায় অন্য একটি এনগেজমেন্টে আরও ৩ জন খারিজিকে মারা হয়েছে। অভিযানের সময় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে এক আফগান নাগরিকসহ ১ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়, যাকে ভারতীয় প্রক্সি গ্রুপের সদস্য হিসেবে শনাক্ত করেছে সেনাবাহিনী।
অন্যদিকে, বেলুচিস্তান প্রদেশের জোব জেলার সাম্বাজা এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তানের’ ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দীর্ঘক্ষণ চলা তীব্র বন্দুকযুদ্ধের পর তাদের নিষ্ক্রিয় করা হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, এই গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে পাকিস্তানের সীমান্ত এলাকায় বিভিন্ন নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
পাকিস্তানের ফেডারেল অ্যাপেক্স কমিটি অনুমোদিত ‘আজম-এ-ইস্তেহকাম’ ভিশনের আওতায় এই নির্মূল অভিযানগুলো পরিচালিত হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃথক বার্তায় সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এনটিভি অনলাইন ডেস্ক