ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
ইসরায়েলি হামলার মুখে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের পর নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করেছে ইরান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত ঘোষণা করে। খবর এএফপির।
ইরানের তাসনিম সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ থাকবে।’
এই সিদ্ধান্তের ফলে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। মূলত ইসরায়েলি আক্রমণের মুখে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় রাখা ও বেসামরিক বিমানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের ওপর আসা হুমকি দূর করতেই ইরানের ওপর এই আগাম হামলা শুরু করা হয়েছে।’ তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে পুরো দেশে জরুরি অবস্থা বলবৎ করা হয়েছে।’
এদিকে, এই হামলার ঘোষণার পর পরই সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড বেসামরিক নাগরিকদের সতর্ক করে বলেছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সবাইকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে হবে। এছাড়া নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক