অব্যাহত বোমাবর্ষণের মাধ্যমে খামেনির প্রতি শোক জানাবে ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর নিশ্চিত হওয়ার পর তেহরানের রাস্তায় নেমে এসেছে শোকার্ত মানুষের ঢল। দেশজুড়ে ইসরায়েল ও আমেরিকার অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই গণজমায়েত শুরু হয়েছে। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ও সংঘাতের এই চরম উত্তেজনার মধ্যেই শোকানুষ্ঠানগুলো পালিত হবে বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার।
শোকের আবহের মধ্যেই কয়েক ঘণ্টা আগে তেহরানে আরেকটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘বড় যুদ্ধ অভিযান’ ঘোষণা করেছেন।
ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে অথবা যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ এই বোমাবর্ষণ অব্যাহত থাকবে।
ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, হামলায় খামেনির পাশাপাশি তার কন্যা, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের ওপরও; দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলায় অন্তত ১০৮ জন এবং দেশটির ২৪টি প্রদেশে কমপক্ষে ২০১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
সর্বোচ্চ নেতার মৃত্যুর জেরে ইরান তার প্রতিশোধমূলক হামলার পরিধি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাকে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতির অবনতি দেখে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক