ইরানের ওপর হামলার পক্ষে ২৫ শতাংশ আমেরিকান : জরিপ
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা ও দেশটির শীর্ষ নেতা নিহতের ঘটনায় খোদ আমেরিকার জনমনে বিভক্তি দেখা দিয়েছে। রয়টার্স/ইপসোস পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে, প্রতি চারজন মার্কিনির মধ্যে মাত্র একজন অর্থাৎ প্রায় ২৫ শতাংশ নাগরিক এই হামলার পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে সামরিক অভিযান শুরু হওয়ার পরপরই দেশজুড়ে ১ হাজার ২৮২ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর এই অনলাইন জরিপটি চালানো হয়। খবর আলজাজিরার।
জরিপের ফলাফল অনুযায়ী, ২৭ শতাংশ উত্তরদাতা হামলার পক্ষে থাকলেও ৪৩ শতাংশ স্পষ্টভাবে এর বিরোধিতা করেছেন ও ২৯ শতাংশ উত্তরদাতা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
এই জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের প্রবণতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সংশয় পরিলক্ষিত হয়েছে। প্রায় ৫৬ শতাংশ আমেরিকান মনে করেন, জাতীয় স্বার্থ রক্ষার অজুহাতে ট্রাম্প যুদ্ধের পথে হাঁটতে অনেক বেশি আগ্রহী। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলা, সিরিয়া ও নাইজেরিয়াতে তার নির্দেশে পরিচালিত হামলাগুলো এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। এই মনোভাব কেবল বিরোধী শিবিরের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির প্রতি চারজন সমর্থকের মধ্যে একজনও মনে করেন যে প্রেসিডেন্ট সামরিক বল প্রয়োগে অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছেন।
রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মধ্যে মতামতের ব্যবধানও এই জরিপে স্পষ্ট হয়ে উঠেছে। প্রায় ৮৭ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক ট্রাম্পের এই পদক্ষেপকে ভুল বলে মনে করেন। অন্যদিকে, স্বতন্ত্র বা নির্দলীয় নাগরিকদের ৬০ শতাংশই প্রেসিডেন্টের এই রণকৌশলের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক