ইরানি হামলা মোকাবিলায় কাতারের নতুন পরিকল্পনা
ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন এনেছে কাতার। দেশটি এখন রাজধানী দোহার আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পরিবর্তে উপসাগরের আকাশসীমায় হামলা প্রতিহত করার পরিকল্পনা নিয়েছে।
গত ৪৮ ঘণ্টায় কাতারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়, যার মাধ্যমে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হচ্ছিল। তবে আকাশে এগুলো ধ্বংস করলে ভূপৃষ্ঠে ধ্বংসাবশেষ পড়ে নাগরিকদের জন্য ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
এই পরিস্থিতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন কৌশল নিয়েছে। এখন ফাইটার জেট মোতায়েন করে দোহা শহরের আকাশে নয়, বরং উপসাগরের ওপরেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।
রাজধানী দোহায় অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছেন, গত প্রায় ১০ ঘণ্টা ধরে শহরের কেন্দ্রস্থলে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। শনিবারের তুলনায় এখন বিস্ফোরণের শব্দ অনেক দূরে এবং তুলনামূলকভাবে পরিস্থিতি শান্ত রয়েছে।
এতে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধে নতুন কৌশল কার্যকর হতে শুরু করেছে এবং রাজধানী দোহাকে সরাসরি ঝুঁকি থেকে দূরে রাখতে চেষ্টা করছে কাতার।

এনটিভি অনলাইন ডেস্ক