মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম বাড়ছে, শেয়ারবাজারে পতন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, অন্যদিকে বিভিন্ন দেশের শেয়ারবাজারেও পতন ঘটেছে।
আজ সোমবার (২ মার্চ) এশিয়ার বাজারে লেনদেন শুরুর সময় ব্রেন্ট ক্রুড তেলের দাম একপর্যায়ে প্রায় ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পরে কিছুটা স্থিতিশীল হলেও টোকিও সময় দুপুর পর্যন্ত আন্তর্জাতিক এই বেঞ্চমার্ক তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ৭৬.৪৮ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। খবর আল জাজিরার।
অন্যদিকে সংঘাতের প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় ২ শতাংশ এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ১.৫ শতাংশ কমে গেছে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও চাপ দেখা যাচ্ছে। নিয়মিত লেনদেনের সময়ের বাইরে লেনদেন হওয়া স্টক ফিউচারসে বড় ধরনের পতন দেখা গেছে, যা ওয়াল স্ট্রিটে অস্থির দিনের ইঙ্গিত দিচ্ছে।
তথ্য অনুযায়ী, এসঅ্যান্ডপি ৫০০ ও প্রযুক্তি খাতভিত্তিক নাসডাক কম্পোজিট সূচকের ফিউচার প্রায় ০.৭ শতাংশ করে কমেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আর্থিক বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
উল্লেখ্য, ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এরপর পাল্টা জবাব দেয় ইরানও। মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরানের পাল্টা হামলা চলমান রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় অনেকেই নিহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক