কুয়েতে একাধিক মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
কুয়েতে একাধিক মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ ঘটনায় সব ক্রু সদস্য প্রাণে বেঁচে গেছেন বলে জানানো হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমান কুয়েতের আকাশে বিধ্বস্ত হওয়ার আগে পাইলট প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসেন। খবর সিএনএনের।
এদিকে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ছে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শহরেও (দুবাই, আবুধাবি ও দোহা) বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, ফলে সংঘাত আরও বিস্তৃত হচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, সংঘাতে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে কুয়েতে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন।
চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড়েও পড়ছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের নিরাপদ বলে পরিচিত দেশগুলোও ঝুঁকিতে পড়েছে এবং তেলের সরবরাহেও বিঘ্ন ঘটছে।
এ অবস্থায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিতে চেষ্টা করলেও পরিস্থিতির কারণে তা কঠিন হয়ে পড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক