যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৭৮৭
ইরানি রেড ক্রিসেন্ট আজ মঙ্গলবার (৩ মার্চ) জানিয়েছে, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় ইরানজুড়ে ৭৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় ইরানের রেড ক্রিসেন্ট জানায়, বিভিন্ন সক্রিয় টিমের মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক হামলাগুলোতে দুর্ভাগ্যজনকভাবে ৭৮৭ জন সহযোদ্ধা শহীদ হয়েছেন।
তবে বার্তা সংস্থা এএফপির পক্ষে স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করে দেখা হয়নি।
ইরানি রেড ক্রিসেন্ট আরও জানায়, শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত এসব হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ১৫৩টি শহরকে। এক হাজারেরও বেশি হামলায় ৫০০টিরও বেশি অবস্থানে আঘাত করা হয়।
অন্যদিকে আজ মঙ্গলবারও তেহরান থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন এএফপির সাংবাদিকরা। এছাড়া, ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমে কারাজ এলাকায় এবং দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক