খামেনির স্মরণে তিন দিনের শোকানুষ্ঠান শুরু আজ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে তিন দিনব্যাপী বিশেষ শোকানুষ্ঠান ও স্মরণ সভা শুরু হচ্ছে। স্থানীয় সময় আজ বুধবার (৪ মার্চ) রাত ১০টায় তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে এই শোকানুষ্ঠান শুরু হবে। খবর আলজাজিরার।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, প্রয়াত নেতার অনুসারী ও সমর্থকরা এই অনুষ্ঠানে যোগ দিতে মোসাল্লা এলাকায় সমবেত হতে শুরু করেছেন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় খামেনির মৃত্যুর পর দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এই স্মরণ সভা তারই অংশ।
তাসনিম নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনির রাষ্ট্রীয় দাফনের প্রস্তুতি ও সুনির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত করার কাজ এখনও চলছে। খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানাজার তারিখ ও স্থান ঘোষণা করা হবে। খামেনির বিদায়কে কেন্দ্র করে তেহরানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোসাল্লা সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচল সীমিত করা হয়েছে। শোকসভায় যোগ দিতে আসা মানুষের মাঝে গভীর আবেগ ও শোকের আবহ বিরাজ করছে, অনেকেই প্রয়াত নেতার ছবি হাতে নিয়ে সেখানে অবস্থান করছেন।
এর আগে গত রোববার থেকেই তেহরানের অ্যাঙ্গোলাব স্কোয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাজার হাজার মানুষ খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করতে জড়ো হন। সরকারের পক্ষ থেকে সাত দিনের সাধারণ ছুটি ও দীর্ঘমেয়াদী শোক পালনের ঘোষণা আসার পর থেকে ইরানজুড়ে ধর্মীয় ও রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠান পালিত হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক