শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ডোবাল মার্কিন সাবমেরিন
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শ্রীলঙ্কার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের সাবমেরিন টর্পেডো দিয়ে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। খবর আল-জাজিরার।
আজ বুধবার (৪ মার্চ) পেন্টাগনের এক প্রেস ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরানি যুদ্ধজাহাজে হামলা ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শত্রুর ওপর এ ধরনের প্রথম আক্রমণ’।
বুধবার শ্রীলঙ্কার সরকার জানায়, দেশটির জলসীমার ঠিক বাইরে একটি ইরানি সামরিক জাহাজ ডুবে যাওয়ার পর তারা বেশ কয়েকটি মৃতদেহ এবং ৩২ জন আহত নাবিককে উদ্ধার করেছে।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ আল-জাজিরাকে জানায়, দেশটির দক্ষিণাঞ্চল গল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৫ কিমি) দূর থেকে ফ্রিগেট আইআরআইএস ডেনা বুধবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিপদের ডাক পাঠিয়েছিল।
শ্রীলঙ্কার কর্মকর্তারা জানান, জাহাজটিতে প্রায় ১৮০ জন ক্রু ছিলেন। এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
ইরানি যুদ্ধজাহাজটি গত মাসে ভারতের পূর্ব উপকূলীয় শহর বিশাখাপত্তনমে ২০২৬ সালের আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিল।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে বলেছেন, নৌবাহিনী জাহাজটি বিপদে পড়ার তথ্য পেয়েছে এবং সরকার উদ্ধার অভিযানে জাহাজ এবং বিমান বাহিনীর উড়োজাহাজ পাঠিয়েছে।
শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ইরানি যুদ্ধজাহাজটি যে এলাকায় ডুবে গেছে, সেখানে অন্য কোনো জাহাজ বা উড়োজাহাজ দেখা যায়নি।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থীসহ প্রায় ৮০০ জনকে হত্যার পর পঞ্চম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনা এবং সম্পদে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে বহু লোকের প্রাণহানি ঘটেছে। এ পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক