ড্রোন হামলায় কুয়েতের ২ সীমান্তরক্ষী নিহত
ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে এবার প্রাণ হারালেন কুয়েতের দুই সীমান্তরক্ষী। স্থানীয় সময় আজ রোববার (৮ মার্চ) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় তারা নিহত হন বলে নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ ইমাদ আল-শারাহ ও মেজর ফাহাদ আব্দুল আজিজ আল-মাজমেইদ।
মন্ত্রণালয় এই দুই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট স্থান বা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, ইরান অভিমুখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা আরও বিধ্বংসী রূপ নিয়েছে। প্রথমবারের মতো তেহরানের বিশাল তেল সংরক্ষণাগার ও শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে রাজধানী তেহরানজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর অনমনীয় অবস্থানের কথা জানিয়ে ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, যতক্ষণ না তেহরানের নেতারা ‘হার মেনে কাঁদবেন’ অথবা তাদের সামরিক শক্তি পুরোপুরি নিঃশেষ হবে, ততক্ষণ এই যুদ্ধ থামবে না।
ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, এই যুদ্ধ শুরু করার জন্য ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে। মার্কিন লক্ষ্যগুলো শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে প্রতিবেশী দেশে হামলা বন্ধের আশ্বাস দিয়েছেন। কিন্তু মাঠপর্যায়ের কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এখনো নতুন করে ইরানি হামলার খবর পাওয়া যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক