মার্কিন বাহিনীর ৪টি ‘থাড রাডার’ ধ্বংসের দাবি ইরানের
গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর অত্যন্ত শক্তিশালী চারটি ‘থাড’ অ্যান্টি-মিসাইল ডিফেন্স সিস্টেমের রাডার ধ্বংস করে দিয়েছে ইরান। আজ রোববার (৮ মার্চ) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
আইআরজিসির দাবি, তাদের পরিচালিত একটি বিশেষ অভিযানে নির্ভুল লক্ষ্যভেদী বা প্রিসিশন-গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে চালানো এই অভিযানে থাড সিস্টেমের রাডারগুলো সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, থাড বা ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ হলো যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় সামরিক প্রযুক্তি। যা মূলত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে মাঝ-আকাশে ধ্বংস করার জন্য ব্যবহার হয়। এই রাডারগুলো ধ্বংস হওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকায় মার্কিন ও তাদের মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সামরিক বিশ্লেষকদের মতে, থাড সিস্টেমের রাডার অকেজো করে দেওয়ার অর্থ হলো ওই নির্দিষ্ট অঞ্চলে মার্কিন বাহিনীর ‘চোখ’ বন্ধ করে দেওয়া। যার ফলে পরবর্তী কোনো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো পেন্টাগনের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। গত কয়েক দিন ধরে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান যে শত শত ড্রোন ও মিসাইল নিক্ষেপ করছে, তা প্রতিহত করতে এই থাড সিস্টেমই ছিল মূল ভরসা। আইআরজিসির এই দাবি যদি সত্য হয়, তবে তা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক প্রযুক্তির শ্রেষ্ঠত্বের ওপর একটি বড় আঘাত হিসেবে গণ্য হবে।
যদিও পেন্টাগন এখন পর্যন্ত তাদের রাডার ধ্বংস হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ওই অঞ্চলের সকল স্থাপনা এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক