ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের অভ্যন্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও বসতি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) গোষ্ঠীটি জানিয়েছে, গত রাতে তেল আবিব ও হাইফার কাছাকাছি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে। খবর আলজাজিরার।
হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের চালানো ড্রোন হামলায় উত্তর ইসরায়েলের ইয়ারা ব্যারাক ও তেল আবিবের কাছের গ্লিলট ঘাঁটি ছাড়াও হাইফার নিকটবর্তী আতলিট ও বেত লিড ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইসরায়েলি শহর নাহারিয়া লক্ষ্য করে ড্রোন ও রকেট নিক্ষেপের পাশাপাশি দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি স্থল সেনাদের ওপরও কামানের গোলা বর্ষণ করা হয়েছে।
হিজবুল্লাহ আরও দাবি করেছে, ইসরায়েলের ‘মেরন এয়ার অপারেশনস কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ঘাঁটিতে সুনির্দিষ্ট ড্রোন হামলায় সেখানকার একটি গুরুত্বপূর্ণ রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরন ঘাঁটিটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ও আকাশপথ নিয়ন্ত্রণের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
তবে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক