হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে ফ্রান্স-ইতালির আলোচনা
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স ও ইতালি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় এই দুই দেশ তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালি পারাপারের নিশ্চয়তা পাওয়ার চেষ্টা করছে। খবর আল জাজিরার।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস রপ্তানি আবার চালু করার পথ খুঁজছে ইউরোপীয় দেশগুলো। তবে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
তবে আল জাজিরা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে একটি জোট গঠনের উদ্যোগ নিচ্ছে ফ্রান্স।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ফ্রান্স ইউরোপ, এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে, যাতে যুদ্ধজাহাজের মাধ্যমে তেলবাহী জাহাজগুলোকে প্রণালি দিয়ে নিরাপত্তা দিয়ে পার করে দেওয়া যায়।
জার্মানভিত্তিক গবেষণা নেটওয়ার্ক সিইএসইফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ৬.২ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮.৭ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা বাড়ার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

এনটিভি অনলাইন ডেস্ক