গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকির সমালোচনায় ডেমোক্র্যাটরা
ইরান যুদ্ধের সংবাদ কভারেজ নিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যমকে সতর্ক করার ঘটনায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো।
মার্কিন সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার সম্প্রতি সতর্ক করে বলেন, যেসব সংবাদমাধ্যম ভুয়া খবর বা তথ্য বিকৃতি প্রচার করছে, তাদের লাইসেন্স নবায়নের আগে পথ সংশোধনের সুযোগ রয়েছে।
তার এই মন্তব্যের পর ডেমোক্র্যাট রাজনীতিকরা এটিকে সংবাদমাধ্যমের ওপর চাপ ও সেন্সরশিপের চেষ্টা হিসেবে আখ্যা দেন। খবর আল জাজিরার।
হাওয়াই অঙ্গরাজ্যের সিনেটর ব্রায়ান শ্যাটজ বলেন, এটি স্পষ্ট নির্দেশনা—যুদ্ধে ইতিবাচক সংবাদ প্রচার করুন, নইলে লাইসেন্স নবায়ন নাও হতে পারে। বিষয়টি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং যুদ্ধের সংবাদ কভারেজ নিয়ে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই সতর্কতাকে স্পষ্টতই অসাংবিধানিক বলে মন্তব্য করেন।
এদিকে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক সংগঠন ফাউন্ডেশন ফর ইনডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন (এফআইআরই)-এর জনঅধিকার পরিচালক অ্যারন টের বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী সরকারকে তাদের পরিচালিত যুদ্ধ সম্পর্কে তথ্য সেন্সর করার অনুমতি দেয় না।

এনটিভি অনলাইন ডেস্ক