তেলের দাম বাড়ছেই, জোট গঠনের চেষ্টা ট্রাম্পের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। বৈশ্বিক বাজারের গুরুত্বপূর্ণ মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম রোববার (১৫ মার্চ) প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে যায়।
আজ সোমবার (১৬ মার্চ) ভোরে ব্রেন্টের দাম দাঁড়ায় প্রায় ১০৪.৬৩ ডলার, যা আগের দিনের তুলনায় প্রায় ১.৫ শতাংশ বেশি। খবর আল জাজিরার।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালু করতে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানানোর পর বাজারে নতুন অস্থিরতা দেখা দিয়েছে।
ট্রাম্প চীন, জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্যকে প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো দেশই তাদের নৌবাহিনী পাঠানোর বিষয়ে প্রকাশ্যে প্রতিশ্রুতি দেয়নি।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ প্রস্তাবে যদি কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায়, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এটিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন বলে উল্লেখ করেছে।
যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে, যার প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি মূল্য ও অর্থনীতিতে পড়ছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কেন্দ্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর প্রতিদিন গড়ে মাত্র পাঁচটি জাহাজ প্রণালি পার হয়েছে, যেখানে আগে দৈনিক গড়ে ১৩৮টি জাহাজ চলাচল করত।
এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ১৬টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রয়োজনে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী মোতায়েনের কথাও বলেছেন ট্রাম্প। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল হওয়ার পরই এ ধরনের অভিযান শুরু হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক