বাগদাদে মার্কিন দূতাবাসের ওপর ড্রোন নজরদারির ভিডিও প্রকাশ
বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে ৮ মার্চ ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের সদর দপ্তর। ছবি: এএফপি
বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ওপর ড্রোন দিয়ে নজরদারির দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম।
গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওটির নাম দিয়েছে ‘আল-আউলিয়ার রিকনেসান্স ড্রোন’।
ভিডিওতে একটি কোয়াডকপ্টার ড্রোনকে দিনের আলোতে বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস কমপ্লেক্সের ওপর দিয়ে উড়তে দেখা যায়।
ফুটেজে দূতাবাস ভবনের বিভিন্ন স্থাপনা, পতাকাদণ্ডে থাকা মার্কিন পতাকা এবং আশপাশের নিরাপত্তা ব্যবস্থার আকাশ থেকে ধারণ করা দৃশ্যও দেখা যায়।
তবে ভিডিওটির সত্যতা বা ড্রোনটি আসলেই দূতাবাসের ওপর দিয়ে উড়েছিল কি না—এ বিষয়ে এখনও স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক