মধ্যপ্রাচ্য যুদ্ধ বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য হুমকি : ডব্লিউটিও প্রধান
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি সৃষ্টি করেছে—এমন সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-আইওয়ালা। একই সঙ্গে তিনি বৈশ্বিক সরবরাহ চেইন বা সাপ্লাই চেইন খোলা রাখার আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডব্লিউটিও’র মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই সংঘাত বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে; কারণ জাহাজ চলাচলে বিঘ্ন এবং জ্বালানির উচ্চমূল্য সারের সরবরাহ কমিয়ে দিচ্ছে এবং পণ্যের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।’
এনগোজি ওকোনজো-আইওয়ালা আরও বলেন, ‘সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের ঘটনা দীর্ঘায়িত হওয়ায় খাদ্য ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কৃষকদের সারের ব্যবহার কমাতে এবং কম সার প্রয়োজন এমন ফসল চাষে বাধ্য করতে পারে।’ তিনি জোর দিয়ে বলেন যে, ‘বৈশ্বিক খাদ্য বাণিজ্যের পথগুলো উন্মুক্ত এবং স্থিতিশীল রাখা অপরিহার্য, যাতে খাদ্য সরবরাহ যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে পৌঁছাতে পারে।’

এনটিভি অনলাইন ডেস্ক