কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬৬ জনের প্রাণহানি
কলম্বিয়ায় ১২৫ জন সেনাসদস্য ও ক্রু বহনকারী একটি সামরিক পরিবহণ বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৩ মার্চ) ভোরে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৬৬ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন। ইকুয়েডর ও পেরু সীমান্তের নিকটবর্তী পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ‘সি-১৩০ হারকিউলিস’ বিমানটি জঙ্গলের ওপর আছড়ে পড়ে। খবর এএফপির।
সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন সেনাসদস্য, ছয়জন বিমানবাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। পুতুমায়ো অঞ্চলের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় এবং স্থানীয় বিমানবন্দরটি ছোট হওয়ায় মরদেহ উদ্ধার ও আহতদের সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বিমানটিকে উচ্চতা নেওয়ার চেষ্টা করতে করতে হঠাৎ আছড়ে পড়তে দেখা যায়। তিনি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন এবং দেশের সামরিক সরঞ্জাম আধুনিকীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
দুর্ঘটনাকবলিত এলাকাটিতে গত কয়েক সপ্তাহ ধরে মাদকপাচারকারী কার্টেল ও মিলিশিয়া দমনে ব্যাপক সামরিক তৎপরতা চলছিল। স্থানীয় এক কৃষক জানান, তিনি আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনেন এবং দেখেন বিমানটি তার বাড়ির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে আছড়ে পড়ছে।
দক্ষিণ আমেরিকায় এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় সি-১৩০ হারকিউলিস বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বলিভিয়ায় একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৪ জন নিহত হয়েছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক