হরমুজ প্রণালি বন্ধের দায়িত্বে থাকা ইরানি নৌকমান্ডার নিহত
হরমুজ প্রণালি বন্ধে অভিযানের দায়িত্বপ্রাপ্ত নৌকমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)৷ আইআরজিসি জানায়, গুরুতর আঘাতের কারণে মারা গেছেন তাংসিরি৷
এর আগে গত বৃহস্পতিবার ইরানের এই নৌকমান্ডারের মৃত্যুর খবর জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, ‘‘একটি সুনির্দিষ্ট ও প্রাণঘাতী অভিযানে অন্য ঊর্ধ্বতন নৌকমান্ড কর্মকর্তাদের সঙ্গে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার তাংসিরিকেও নির্মূল করেছে আইডিএফ৷’’
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ও ইরানের পাল্টা হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের আক্রমণে ইসরায়েলে ১১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ৬ সেনাও নিহত হয়েছে। কুয়েত, বাহরাইন, আমিরাতেও হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি হামলায় লেবাননেও মারা গেছেন প্রায় অর্ধশত মানুষ।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে (২৮ ফেব্রুয়ারি) নিহত হন ৩৬ বছর ধরে নেতৃত্ব দেওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারপর এ পর্যন্ত হামলায় প্রাণহানি হয়েছে ইরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তার।

ডয়চে ভেলে