জ্বালানি সংকটে কিউবাকে সহায়তা দেবে রাশিয়া : ক্রেমলিন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জ্বালানি সংকটে থাকা মিত্র দেশ কিউবাকে সহায়তা দেওয়া নিজেদের দায়িত্ব বলে মনে করে রাশিয়া।
স্থানীয় সময় সোমবার (৩০ মার্চ) মস্কোয় এক ব্রিফিংয়ে পেসকভ বলেন, কঠোর অবরোধের মধ্যে কিউবার জন্য তেল ও জ্বালানি পণ্য অত্যন্ত প্রয়োজনীয়।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, আমাদের কিউবান বন্ধুদের জন্য পেট্রোলিয়াম পণ্য ও তেল অপরিহার্য। দেশের বিদ্যুৎ উৎপাদন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে এটি দরকার। খবর আনাদোলুর।
রাশিয়ার একটি তেলবাহী জাহাজ কিউবার দিকে যাত্রার বিষয়ে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর অনুমতি প্রসঙ্গে তিনি জানান, মানবিক সহায়তা হিসেবে তেল সরবরাহের বিষয়টি ওয়াশিংটনকে আগেই জানানো হয়েছিল।
পেসকভ বলেন, আমরা আনন্দিত যে এই জ্বালানি পণ্য কিউবায় পৌঁছেছে।
পেসকভ আরও বলেন, রাশিয়া বিশ্ববাজারে, বিশেষ করে ইউরোপে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে থাকতে প্রস্তুত।
এদিকে সার্বিয়ার সঙ্গে রাশিয়ার গ্যাস চুক্তির মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তা আরও তিন মাসের জন্য বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, মিত্র দেশগুলোর প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় থাকবে এবং তারা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে আগ্রহী।

এনটিভি অনলাইন ডেস্ক