ইরান যুদ্ধ আরও দুই-তিন সপ্তাহ চলার ইঙ্গিত ট্রাম্পের
ইরানকে উদ্দেশ্য করে হুমকিসূচক সুরে বক্তব্য দিয়েছেন মার্কির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে চলমান সংঘাত আরও অন্তত দুই থেকে তিন সপ্তাহ চলতে পারে।
ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তিনি স্বীকার করেন যে দ্রব্যমূল্য বেড়েছে এবং সাধারণ মানুষ চাপের মুখে রয়েছে। তবে এ জন্য তিনি ইরানকে দায়ী করেন এবং নিজের প্রশাসনের সিদ্ধান্ত বা যুদ্ধ শুরুর বিষয়টি এড়িয়ে যান। খবর আল জাজিরার।
সংঘাত কতদিন স্থায়ী হতে পারে- এ প্রশ্নে স্পষ্ট কোনো রূপরেখা দেননি ট্রাম্প। যদিও তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে। তবে যুক্তরাষ্ট্র কীভাবে এই যুদ্ধ থেকে বের হবে, সে বিষয়টি এখনও অস্পষ্টই রয়ে গেছে।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এখন অন্যান্য দেশের দায়িত্ব। তার মতে, যুক্তরাষ্ট্র তাদের দায়িত্ব পালন করেছে, এখন অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক