ইরানের সঙ্গে এখনও চুক্তির সুযোগ আছে : জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বা শর্তাবলি সঠিকভাবে মেনে চললে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা বা নতুন চুক্তিতে পৌঁছানোর পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এর জন্য তেহরানকে কেবল মৌখিক প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন- ইরান যদি দায়িত্বশীল ও সঠিক আচরণ করে, তবেই তাদের সঙ্গে চুক্তি করা সম্ভব।
কূটনৈতিক আলোচনার নীতি ব্যাখ্যা করে ভ্যান্স বলেন, চুক্তি বাস্তবায়নে প্রথম শর্ত হলো ইরানকে যুক্তরাষ্ট্রের কাছে করা তাদের প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে হবে। আমাদের মূল নীতি খুব সহজ- আমরা আলোচনা করব, তবে তা কোনো ফাঁকা বুলি বা মুখের কথার ওপর ভিত্তি করে নয়, বরং তাদের বাস্তব কাজের ওপর ভিত্তি করে। আগামী কয়েক মাস ওয়াশিংটন এই নীতিতেই ইরানের বিষয়ে এগোবে বলে জানান তিনি।
একই সাক্ষাৎকারে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও নেতৃত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে ভ্যান্স দাবি করেন, বর্তমানে তেহরানের শাসনকাঠামো অত্যন্ত অস্পষ্ট ও বিভ্রান্তিকর। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কট্টরপন্থি, রক্ষণশীল, সংস্কারপন্থি এবং ধর্মীয় আলেমদের পৃথক প্রভাব রয়েছে। এছাড়া দেশটির নতুন সর্বোচ্চ নেতা বাস্তব পরিস্থিতি ও প্রতিদিনের প্রশাসনিক সিদ্ধান্ত থেকে বেশ বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক