যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আলোচনা ঘিরে বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ায় আজ শুক্রবার (১০ এপ্রিল) স্বর্ণের দামবৃদ্ধি পেল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম ৪ হাজার ৭৮০ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৮০৫ দশমিক ৪০ ডলারে নেমে এসেছে।
দুই দিন আগের এই যুদ্ধবিরতির ফলে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা থেমেছে। তবে লেবাননে ইসরায়েল ও ইরানের মিত্র হিজবুল্লাহর মধ্যে সংঘাত থামেনি। ফলে এখনও হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি।
হাই রিজ ফিউচারসের মেটালস ট্রেডিংয়ের পরিচালক ডেভিড মেগার বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হতে দেখা যাওয়ায় কোনো একসময়ে সুদের হার কমার সম্ভাবনা নিয়ে প্রত্যাশা কিছুটা বেড়েছে। ডলার চাপের মুখে পড়েছে এবং স্বর্ণের দাম বেড়েছে।
মার্চ মাসে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। কারণ যুদ্ধে জ্বালানি তেলের দাম বেড়ে যায়।
ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর ক্ষমতাকে সীমিত করে ফেলে। যদিও স্বর্ণকে মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু উচ্চ সুদ হারের ফলে মুনাফা কমে যায়। এতে মূল্যবান ধাতুটির প্রতি আকর্ষণ কমে যায়।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম ৭৬ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ২ হাজার ৬২ দশমিক ২৫ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দামও ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৫২৮ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক