চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৈঠক নিয়ে আশানুরূপ কিছু উঠে আসেনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কণ্ঠে। বরং তিনি অসন্তোষ প্রকাশ করে বলেছেন, চুক্তি ছাড়াই তাকে যুক্তরাষ্ট্রে ফিরতে হচ্ছে।
আজ রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি তাদের অসাধারণ আতিথেয়তার প্রশংসা করেন।
বৈঠকে পর গণমাধ্যমকে জেডি ভ্যান্স বলেন, গত ২১ ঘণ্টা ধরে আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এই মুহূর্তে এটাই ভালো খবর। তবে বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি। জেডি ভ্যান্স বলেন, খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তি পৌঁছাতে পারিনি। আর এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।
যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ বা অগ্রহণযোগ্য সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরেছে। কোন বিষয়ে ছাড় দেওয়া সম্ভব এবং কোন বিষয়ে নয়, তা পরিষ্কার করা হয়েছে। কিন্তু ইরান সেই শর্ত মেনে নেয়নি বলেই চুক্তি হয়নি বলে জানান জেডি ভ্যান্স।

এনটিভি অনলাইন ডেস্ক