চুক্তি ছাড়াই শেষ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এ অবস্থায় দুই পক্ষকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের শীর্ষ কূটনীতিক ইসহাক দার।
আজ রোববার (১২ এপ্রিল) সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই পক্ষ যেন ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে আলোচনা চালিয়ে যায় এবং পুরো অঞ্চলসহ বিশ্বে ‘টেকসই শান্তি ও সমৃদ্ধি’ নিশ্চিত করতে কাজ করে। খবর আনাদোলুর।
ইসহাক দার জোর দিয়ে বলেন, দুই পক্ষের জন্যই জরুরি যে তারা যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখে। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি বাস্তবায়ন ও মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা স্বীকৃতি দেওয়ায় উভয় পক্ষকে ধন্যবাদ জানান।
ইসহাক দার আরও জানান, পাকিস্তান ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ ও সম্পৃক্ততা এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
দার বলেন, আমি এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির গত ২৪ ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে একাধিক দফায় গভীর ও গঠনমূলক আলোচনা পরিচালনায় সহায়তা করেছি, যা আজ সকালে শেষ হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার পাকিস্তান ত্যাগ করেন। তিনি এর আগে জানান, আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।
শনিবার (১১ এপ্রিল) শুরু হওয়া এই ত্রিপক্ষীয় বৈঠক প্রায় ২১ ঘণ্টা পর শেষ হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভ্যান্স এবং ইরানের পক্ষে অংশ নেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকা অবস্থায় এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান এই আলোচনার আয়োজন করে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা এই সংঘাত গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর সাময়িকভাবে বন্ধ হয়।

এনটিভি অনলাইন ডেস্ক