ট্রাম্পের হুমকির মুখেও ইরান বলছে ‘আঘাত করলে পাল্টা আঘাত’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রধান মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) রাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের হুমকি দিয়ে ইরানকে দমানো যাবে না। খবর আলজাজিরার।
ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের ‘লকড অ্যান্ড লোডেড’ বার্তার প্রেক্ষিতে ঘালিবাফ বলেন, ‘ট্রাম্পের এই হুমকির কোনো প্রভাব ইরানি জাতির ওপর পড়বে না। আপনি (ট্রাম্প) যদি যুদ্ধ করতে চান, তবে আমরাও যুদ্ধ করব। আর যদি যুক্তির পথে আসেন, তবে আমরাও যুক্তির মাধ্যমেই এগোব।
ঘালিবাফ দাবি করেন, পাকিস্তানের শান্তি আলোচনায় ইরান যথেষ্ট সদিচ্ছা প্রদর্শন করেছিল এবং কিছু ক্ষেত্রে অগ্রগতিও হয়েছিল। কিন্তু ট্রাম্পের অনমনীয় অবস্থান এবং পরবর্তী অবরোধের ঘোষণা সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
বিবৃতিতে ঘালিবাফ আরও কঠোর ভাষায় বলেন, আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না। তারা (যুক্তরাষ্ট্র) চাইলে আবারও আমাদের ইচ্ছাশক্তি পরীক্ষা করে দেখতে পারে, যাতে আমরা তাদের আরও বড় কোনো শিক্ষা দিতে পারি।
উল্লেখ্য, ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিলে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ট্রাম্প আরও বলেন, উপযুক্ত সময়ে ইরানকে ‘শেষ করে দেওয়ার’ জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। এখন ঘালিবাফের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিলে তেহরানও সরাসরি সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত।

এনটিভি অনলাইন ডেস্ক