ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ব্যয় ‘গভীরভাবে পর্যালোচনা’ করা হবে : ট্রাম্প
ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয় শিগগিরই ‘গভীরভাবে পর্যালোচনার’ আওতায় আনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ন্যাটোর প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ন্যাটো তাদের পাশে দাঁড়ায়নি। খবর আল জাজিরার।
ট্রাম্প বলেন, তারা আমাদের পাশে ছিল না। এখন তারা এগিয়ে আসতে চায়, কিন্তু এখন আর তেমন কোনো হুমকি নেই।
ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তার মতে, জোটটির মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার মোকাবিলা করা, অথচ এর পেছনে যুক্তরাষ্ট্রকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে।
ট্রাম্প বলেন, মূলত রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য আমরা ন্যাটোর পেছনে ট্রিলিয়ন ডলার খরচ করেছি। বিষয়টি সবসময়ই আমার কাছে কিছুটা অযৌক্তিক মনে হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই বিপুল ব্যয় এখন খুব গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক