ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের ‘বিরল’ ঘোষণা
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তান শেষ পর্যন্ত প্রস্তাবিত শান্তি আলোচনা নিয়ে মুখ খুলেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনায় অংশগ্রহণের বিষয়ে তেহরানের চূড়ান্ত উত্তরের জন্য এখনো অপেক্ষা করছে। আলোচনার অগ্রগতি নিয়ে ইসলামাবাদের এমন সরাসরি ও প্রকাশ্য ঘোষণা অত্যন্ত ‘অস্বাভাবিক’ এবং ‘বিরল’ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ এত দিন এ বিষয়ে পাকিস্তান কঠোর গোপনীয়তা বজায় রেখেছিল। খবর আল জাজিরার।
গোপন সূত্রে জানা গেছে, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের তথ্যের আদান-প্রদান চলছে। তবে মূল সংকট তৈরি হয়েছে হরমুজ প্রণালি নিয়ে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না একটি আনুষ্ঠানিক ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো যাচ্ছে, ততক্ষণ তারা হরমুজ প্রণালির ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নেবে না।
পাকিস্তানের পক্ষ থেকে আপ্রাণ মধ্যস্থতা চালানো হলেও দুই পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রেখে চাপ সৃষ্টির কৌশল নিয়েছে, অন্যদিকে ইরান কোনো ধরনের জবরদস্তিমূলক শর্ত মেনে নিয়ে আলোচনায় বসতে নারাজ। এই গভীর বিভক্তির কারণে প্রস্তাবিত চুক্তির ধরন বা ভবিষ্যৎ ঠিক কেমন হবে, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কূটনীতিকদের মতে, পাকিস্তান এই মুহূর্তে দুই দেশের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে, কিন্তু তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আস্থার সংকট এতটাই প্রবল যে কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালির মতো স্পর্শকাতর ইস্যুতে কোনো পক্ষই ছাড় দিতে প্রস্তুত নয়।
বুধবারের (২২ এপ্রিল) মধ্যে কোনো সমাধান না এলে এই অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এখন সবার নজর তেহরানের উত্তরের দিকে—ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের ডাকে সাড়া দিয়ে আলোচনার টেবিলে বসবে?

এনটিভি অনলাইন ডেস্ক