আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতির মধ্যে সংলাপের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করেছেন, ইরান সমঝোতার পথ খোলা রাখলেও পশ্চিমা দেশগুলোর সুনির্দিষ্ট কিছু আচরণই বর্তমানে আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
মাসুদ পেজেশকিয়ান বলেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই প্রকৃত আলোচনার প্রধান বাধা।
যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট বক্তব্যের শেষে লেখেন, বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে।
এর আগে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লেখেন, নৌ-অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং জায়নবাদীদের (ইসরায়েল) সব ফ্রন্টের যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হয়।
গালিবাফ আরও বলেন, যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।
এর আগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। বুধবার সন্ধ্যায় দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক