হরমুজে মাইন পেতে রাখা নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখা কোনো ছোট নৌযান দেখা গেলে তাৎক্ষণিকভাবে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, আমি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যে, কোনো নৌযান যদি পানিতে মাইন বসাতে থাকে, তবে তাকে গুলি করে ধ্বংস করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা থাকবে না।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ১৫৯টি জাহাজের সমন্বয়ে গঠিত নৌবহরের ‘সবই এখন সমুদ্রের তলদেশে রয়েছে’ এবং বর্তমানে মাইন পেতে রাখা কার্যক্রমে মূলত ছোট নৌযান ব্যবহার করা হচ্ছে।
একই সঙ্গে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রম তিনগুণ বাড়ানোর নির্দেশ দেন ট্রাম্প।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল কার্যত ব্যাহত হয়ে পড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক