ভোটকেন্দ্রে শুভেন্দুকে দেখেই ‘চোর চোর’ ও ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আজ চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ। এদিন দুপুরের দিকে কলকাতার ভবানীপুরে ভোট পরিদর্শনে আসেন বিজেপিনেতা শুভেন্দু অধিকারী। কালীঘাট চত্বরে পৌঁছাতেই শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ দেখান ও ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূলের নারী কর্মী-সমর্থকরা। বিক্ষোভ ও বাধার মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনীকে ডাকেন শুভেন্দু। তারপর ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
বুধবার সাড়ে ১২টা নাগাদ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মুক্তদল মোড় এলাকায় শুভেন্দুর গাড়ি পৌঁছোতেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকেরা। শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয়। শুভেন্দু গাড়ি থেকে নেমে এগিয়ে যান। তারপর ফের গাড়িতে উঠে চলে যান কালীঘাটের পটুয়াপাড়ায়। সেখানে তৃণমূল কর্মীরা শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকলে বিজেপি কর্মীরা পাল্টা ‘পিসি চোর-ভাইপো চোর’ স্লোগান দেন। কেন্দ্রীয় বাহিনী এলাকায় ঢোকার পর জওয়ানদের নিয়ে ঢোকেন শুভেন্দু। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে দেখে দলীয় কার্যালয় থেকে কর্মীদের স্লোগান দিতে বলেন। তার পরেই দুপক্ষের মধ্যে স্লোগানযুদ্ধ শুরু হয়।

এনটিভি অনলাইন ডেস্ক