ইরান যুদ্ধ থেকে কারা সবচেয়ে বেশি লাভবান?
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর শুরু হওয়া যুদ্ধ দুই মাস পেরিয়েছে। কিন্তু এখনও কোনো শান্তি চুক্তি চূড়ান্ত হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে, যুদ্ধরত দেশগুলো নিজদের শর্তগুলোতে অটল অবস্থানে রয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি খাতে বিপর্যয় ঘটেছে এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। তবে এ যুদ্ধ থেকে কয়েকটি খাত লাভবান হয়েছে। আজ শুক্রবার (১ মে) আলজাজিরার এক বিশ্লেষণ থেকে জেনে নেওয়া যাক, ইরান যুদ্ধ থেকে কারা লাভবান হচ্ছে–
ইরানের যুদ্ধ থেকে কিছু নির্দিষ্ট শিল্পখাত বিপুল মুনাফা করছে। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে, তবুও এই সংঘাতের কারণে কিছু শিল্পখাত এখনও উন্নতি করতে সক্ষম হচ্ছে। প্রথম যে খাতটি বড় ধরনের লাভ করছে তা হলো তেল ও গ্যাস শিল্প সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। হরমুজ প্রণালিতে মার্কিন ও ইরানি অবরোধের কারণে শত শত তেল ও গ্যাস ট্যাংকারসহ প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে গেছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের আগে ছিল ৭২ ডলার। এর ফলে উচ্চ পরিবহণ খরচ এবং সরবরাহ কমে যাওয়ায় লাখ লাখ পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। কিন্তু কিছু কোম্পানির জন্য এই উচ্চমূল্য মানেই হলো উচ্চ মুনাফা। স্বল্পমেয়াদি সুবিধাভোগীদের মধ্যে ব্রিটিশ পেট্রোলিয়াম অন্যতম। এই জ্বালানি সংস্থাটি ২০২৬ সালের প্রথম তিন মাসে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার মুনাফা করেছে বলে জানিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। এটি একটি বাস্তবতার অংশ, যেখানে ইউরোপীয় প্রধান তেল কোম্পানিগুলো জ্বালানি সরবরাহের বর্তমান ঘাটতি থেকে শত শত কোটি ডলার অতিরিক্ত মুনাফা করছে।
দ্বিতীয় যে শিল্প খাতের ব্যবসা প্রতিষ্ঠান বড় মুনাফা করছে তা হলো অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো। যুদ্ধ শুরু হওয়ার পর পুঁজিবাজারে লেনদেনের প্রথম দিনে লোহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান ও আরটিএক্সের মতো প্রধান মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলোর শেয়ার ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পেন্টাগনের বৃহত্তম ঠিকাদার লোহিড মার্টিন। যুক্তরাষ্ট্রের জনগণের করের অর্থ দেশটির পুরো পররাষ্ট্র দপ্তরের চেয়েও বেশি যাচ্ছে এই কোম্পানিতে।
এই বছরের শুরু থেকে ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪০ বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে ইসরায়েলি অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান এলবার্ট সিস্টেমস, যা দেশটিতে সবচেয়ে ধনী। ইরানের যুদ্ধ থেকে অনলাইন বেটিং বাজারগুলোও লাভবান হয়েছে। এমন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বড় পলি মার্কেট ব্যবহারকারীদের ইরানের যুদ্ধের ফলাফলের মতো বাস্তব বিশ্বের ঘটনাগুলোর ওপর বাজি ধরার সুযোগ দিয়ে প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার আয় করছে। ইরানের যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, এই শিল্পগুলোর লাভবান হওয়ার সম্ভাবনাও তত বাড়বে।

এনটিভি অনলাইন ডেস্ক