এগোচ্ছেন মমতা, পেছাচ্ছেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ১৯২টি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে ৯৩ আসনে। তবে ভবানীপুরে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর চেয়ে বিপুল ভোটে তিনি এগিয়ে রয়েছেন।
আজ সোমবার (৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সপ্তম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১৫ হাজার ৪৫১। মমতা পেয়েছেন ৩২ হাজার ৮২২টি ভোট। ব্যবধান ১৭ হাজারের বেশি।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে : শুভেন্দু অধিকারী
আরও পড়ুন: শুভেন্দুকে এবার হারাতে পারবেন মমতা, কে এগিয়ে?
আজ সকাল সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। গত নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে কলকাতা মহানগরীর ১১টি আসনের মধ্যে সাতটি আসনের ভোট গণনা হচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে মোট ২৯৪টি আসনে। এরমধ্যে ভোট গণনা করা হবে ২৯৩টি আসনের। একটি আসনে (ফলতা) পুনরায় ভোটগ্রহণ করা হবে এ মাসেই।
আরও পড়ুন: বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, শেষ হাসি কার?
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বুথফেরত জরিপের নানা ফল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট নেওয়া হয় কলকাতাসহ ৭টি জেলার ১৪২টি আসনে।
ফলাফল ঘোষণার আগে রাজ্যটির সব রাজনৈতিক দল নজর রাখছে ভোট গণনার দিকে। সব দলই নিশ্চিত করতে চাইছে যেন গাফিলতি না হয় গণনার সময় বা কোনো প্রক্রিয়ায় যেন বিঘ্ন না ঘটে।

এনটিভি অনলাইন ডেস্ক