মমতা ও শুভেন্দুর মোবাইলফোন নিয়ে নেওয়ার নির্দেশ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কড়াকড়ি আরোপ করেছে ভারতের নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৪ মে) ভোট গণনার সময় সাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি প্রার্থী বা এজেন্ট না হওয়ায় কমিশন তাকে দ্রুত কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। নিয়ম অনুযায়ী, প্রার্থী বা অনুমোদিত এজেন্ট ছাড়া অন্য কারও গণনা কেন্দ্রে থাকার সুযোগ নেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে, যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভোট গণনার সমান্তরালে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এদিকে, নির্বাচনি অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিল করেছে কমিশন। ওই কেন্দ্রে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ ও ২৪ মে গণনা অনুষ্ঠিত হবে। ফলে আজ ২৯৪টি আসনের মধ্যে ফলতা বাদে বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক