অভিনয় থেকে রাজনীতি : মুখ্যমন্ত্রীর চেয়ারে কি বসবেন থালাপতি বিজয়?
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন যুগের সূচনা করলেন তামিল সুপারস্টার বিজয়। তার নবগঠিত দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৭টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (১১৮ আসন) থেকে মাত্র ১১ আসন দূরে দাঁড়িয়ে দক্ষিণী রাজ্যটিতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়।
একক বৃহত্তম দল হিসেবে টিভিকে-কে সরকার গঠনের জন্য রাজ্যপাল আমন্ত্রণ জানাতে পারেন। সেক্ষেত্রে সংখ্যালঘু সরকার হিসেবে যাত্রা শুরু করলেও প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে আত্মবিশ্বাসী বিজয়ের দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিএমকে জোটের শরিক দলগুলোর দিকেই এখন নজর বিজয়ের। ৫ আসন জেতা কংগ্রেস ও বামপন্থী দলগুলো (সিপিআই, সিপিএম ও ভিসিকে) বাইরে থেকে সমর্থন দিলে অনায়াসেই ১১৮-র গণ্ডি পার করবেন তিনি। উল্লেখ্য, ২০০৬ সালেও ডিএমকে একইভাবে সংখ্যালঘু সরকার পরিচালনা করেছিল।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ‘ভুল হামলায়’ হরমুজ প্রণালিতে নিহত ৫
আরও পড়ুন : ঢাকায় কি আজ বৃষ্টি হবে? জানাল আবহাওয়া অফিস
দীর্ঘদিন ধরে ডিএমকে-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চেন্নাইয়ের ১৬টি আসনের মধ্যে ১৪টিই দখল করেছে টিভিকে। পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট- উভয় আসন থেকেই বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিজয়। নির্বাচনি প্রচারণায় বিজয় সরাসরি ডিএমকে-কে আক্রমণ করে একা লড়াই করার যে ঝুঁকি নিয়েছিলেন, ভোটের ফলাফলে দেখা যাচ্ছে সেই বাজি দারুণভাবে সফল হয়েছে।
বিজয় ইতোমধ্যে বিজেপি-কে তার আদর্শিক শত্রু হিসেবে ঘোষণা করেছেন, তাই এআইএডিএমকে ও বিজেপি জোটের সমর্থন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে ৫টি আসন পাওয়া পিএমকে বিজয়ের জন্য সহায়ক হতে পারে। টিভিকে-র কনিষ্ঠতম বিধায়ক পদপ্রার্থী রেভান্ত চরণ এনডিটিভিকে জানিয়েছেন, অস্থিতিশীলতার কোনো ভয় নেই, আমরাই সরকার গঠন করব।
৭ মে শপথ গ্রহণ?
দলীয় সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, পর্দার আড়ালের আলোচনা সফল হলে আগামী ৭ মে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। সিনেমার রুপালি পর্দা কাঁপানো এই নায়ক এখন বাস্তব রাজনীতির ‘কিং’ হওয়ার পথে কতটা সফলভাবে সমীকরণ মেলাতে পারেন, সেদিকেই তাকিয়ে পুরো ভারত।
সূত্র : এনডিটিভি

এনটিভি অনলাইন ডেস্ক