এবার আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আজ শুক্রবার (৮ মে) ভোরে ইরান থেকে ছোড়া একঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আমিরাতের আকাশসীমায় আঘাত হানে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে। খবর সিএনএনের।
আরও পড়ুন : সরকার গঠনে বাধা, গণপদত্যাগের হুঁশিয়ারি থালাপতি বিজয়ের
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে রুখে দিয়েছে। রাজধানী আবুধাবি ও দুবাইসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঝ আকাশে এই ইন্টারসেপশনের বিকট শব্দ শোনা যায়।
আরও পড়ুন : ইরানে ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র
মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশবাসীকে শান্ত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি তোলা বা তার কাছে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ব্যর্থ হচ্ছে যুদ্ধবিরতি?
গত ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আমিরাতের আকাশসীমা ‘হুমকিমুক্ত’ ঘোষণা করেছিল। তবে গত দুই মাসে অন্য যেকোনো দেশের তুলনায় আমিরাতই সবচেয়ে বেশি ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
আরও পড়ুন : স্বর্ণ নয়, নতুন ধাতুর জয়জয়কার- কিনে রাখলে হতে পারেন লাভবান
এর আগে বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালিতে মার্কিন ও ইরানি নৌবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। পেন্টাগন দাবি করেছে, তারা মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো ইরানি সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। এরই প্রতিক্রিয়ায় ইরান এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন : বিমানে তৃণমূল নেত্রীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ ও ‘চোর’ স্লোগান’
আরব আমিরাতের ন্যাশনাল এমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি দেশের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক