তামিলনাড়ুুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিবিদ জোসেফ বিজয় চন্দ্রশেখর (থালাপতি বিজয়)। আজ রোববার (১০ মে) তিনি তার দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর ৯ নেতাকে সঙ্গে নিয়ে শপথ নেন।
গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিজয়কে কয়েকদিন ধরে জোট নিয়ে আলোচনা চালাতে হয়। খবর এনডিটিভির।
এর আগে, শনিবার (৯ মে) তিনি রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। এ সময় তিনি কংগ্রেসের ৫ জন, বিদুথালাই চিরুথাইগল কাচি (ভিসিকে)-এর ২ জন, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-এর ২ জন, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই-এম)-এর ২ জন এবং ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর ২ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেন।
দুটি আসন থেকে নির্বাচিত হওয়ায় বিজয়কে একটি আসন ছাড়তে হবে। এরপরও জোটের মোট আসনসংখ্যা দাঁড়াবে ১২০।
প্রায় ৬০ বছরের মধ্যে এই প্রথম তামিলনাড়ুতে দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে)-এর বাইরে অন্য কোনো দল সরকার গঠন করল।

এনটিভি অনলাইন ডেস্ক