আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ভাবছি না : ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও এর ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার, আর এই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে আমেরিকানদের আর্থিক অবস্থা কেমন হচ্ছে, তা নিয়ে তিনি ভাবেন না। খবর আলজাজিরার।
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়ছে— এই প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে চুক্তিতে আসার পেছনে অর্থনৈতিক পরিস্থিতি কোনো প্রভাব ফেলছে কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, একটুও না। নিয়ে আলোচনার সময় আমার কাছে কেবল একটি বিষয়ই গুরুত্বপূর্ণ; তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
অন্য এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি সাধারণ আমেরিকানদের ওপর যুদ্ধের আর্থিক প্রভাব বিবেচনা করছেন কি না। তখন ট্রাম্প উত্তর দেন, প্রত্যেক আমেরিকান বোঝেন যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। যদিও বাস্তব চিত্র বলছে, এই যুদ্ধের প্রভাবে দেশটিতে খাদ্য ও জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে।
বর্তমানে চীন সফরে থাকা ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে বিরোধীরা যুদ্ধের কারণে সাধারণ মানুষের ভোগান্তিকে সামনে নিয়ে আসছেন। তবে ট্রাম্পের এই অনড় অবস্থান ইঙ্গিত দিচ্ছে, অর্থনৈতিক চাপ সত্ত্বেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক লড়াই অব্যাহত রাখবেন।

এনটিভি অনলাইন ডেস্ক