নাকবা দিবসে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭
ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবন ও বেসামরিক গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের সামরিক শাখার গাজা প্রধান ইজ্জ আল-দীন আল-হাদ্দাদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ৭ অক্টোবরের হামলার ‘মূল পরিকল্পনাকারীদের একজনকে’ লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তবে আল-হাদ্দাদ নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত করা হয়নি। হামাসও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় একটি ভবনে হামলায় চারজন নিহত হন। এছাড়া একটি বেসামরিক গাড়িতে হামলায় আরও তিনজন নিহত হন।
নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। আহত হয়েছেন অন্তত ৪৫ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আল জাজিরার গাজা প্রতিনিধি ইব্রাহিম আল-খলিলি জানান, হামলায় অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে আবাসিক ভবনটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
আল-খলিলি বলেন, ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজা সিটির পূর্বাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে অনেক মানুষ পশ্চিমাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ফলে হামলার শিকার এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ছিল।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল জানান, যে ভবনে হামলা হয়েছে সেখানে শত শত মানুষ বসবাস করছিলেন।
তার ভাষায়, কোনো পূর্ব সতর্কতা বা নোটিশ ছাড়াই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বহু মানুষ নিহত ও আহত হয়েছেন, তাদের মধ্যে পুরো পরিবারও রয়েছে।
এই হামলা হয়েছে নাকবার ৭৮তম বার্ষিকীতে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর থেকে উচ্ছেদ হন। সেই ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করে।
ইসরায়েলের বিবৃতিতে দাবি করা হয়েছে, আল-হাদ্দাদ হাজারো ইসরায়েলি নাগরিক ও সেনাসদস্য হত্যা, অপহরণের ও আহত করার জন্য দায়ী।
এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
গত অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সংঘাত অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৮৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক