নিউইয়র্কে ড্রাই ডকে বিস্ফোরণে নিহত ১, আহত ৩৬
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ড এলাকার ড্রাই ডকে (জাহাজ মেরামত কারখানা) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। স্থানীয় সময় শুক্রবার (২২ মে) আটকা পড়া দুই শ্রমিককে উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন সেখানে কাজ করছিলেন, ঠিক তখনই এই আকস্মিক বিস্ফোরণ ঘটে বলে কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে। খবর রয়টার্সের।
গুরুতর আহতদের মধ্যে দুজন অগ্নিনির্বাপণ কর্মী (ফায়ার ফাইটার) রয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন ফায়ার মার্শালের মাথার খুলির একাংশ ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য ফায়ার ফাইটারের অবস্থাও আশঙ্কাজনক ছিল। তবে পরবর্তীতে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের বলেন, এটি ছিল দ্রুত অবনতিশীল একটি জরুরি পরিস্থিতি। আমাদের উদ্ধারকারীরা সব সময়ের মতোই নিজেদের দায়িত্ব পালন করেছেন। তারা নিজেরা বিপদের দিকে ছুটে গিয়েছিলেন যাতে অন্য সাধারণ মানুষ নিরাপদে জীবন বাঁচাতে পারেন।
নিহত ব্যক্তির পরিচয় নিয়ে ফায়ার সার্ভিস বা পুলিশ প্রশাসন বিস্তারিত কিছু জানায়নি। তবে তিনি একজন বেসামরিক নাগরিক ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। মেয়র মামদানী আরও জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত শুরু করা হবে।
নিউইয়র্ক সিটির ম্যানহাটন থেকে হারবারের ওপারে অবস্থিত স্ট্যাটেন আইল্যান্ড বরোর ‘রিচমন্ড টেরেস’ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার একটি বেজমেন্টে আগুন লাগা ও দুজন শ্রমিক আটকা পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ফাইটারদের একটি দল। তারা যখন ভেতরে ঢুকে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন, ঠিক তখনই আকস্মিক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।
বিস্ফোরণের তীব্রতায় ডকের ভেতরের একটি অংশ ধসে পড়ে। ফলে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ে। আহত বাকি ৩৪ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। ডকের ভেতর এখনও তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এনটিভি অনলাইন ডেস্ক