ইরানে নতুন করে হামলার জেরে বেড়েছে জ্বালানি তেলের দাম
দক্ষিণ ইরানে নতুন করে মার্কিন বিমান হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। গত সপ্তাহে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সঙ্গে ইরান যুদ্ধের উত্তেজনা হয়তো কমে আসবে। এই আশাবাদে বাজার ইতিবাচক মোড় নিলেও সোমবার (২৫ মে) দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘আত্মরক্ষামূলক’ হামলার পর মঙ্গলবার (২৬ মে) ব্যবসায়ীরা তাঁদের অবস্থান পরিবর্তন করেন। খবর রয়টার্সের।
তবে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা এখনো অব্যাহত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ মঙ্গলবার জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হতে ‘আরও কয়েক দিন সময় লাগতে পারে।’
মধ্যপ্রাচ্যে নতুন করে এই হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বেড়েছে। আজ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৯ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে।
আরবিসি ক্যাপিটাল মার্কেটসের গ্লোবাল ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট পিটার শ্যাফ্রিক বলেন, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হতে পারে—এমন একটি অন্তর্নিহিত আশা এখনো বাজারে রয়েছে, যার কারণে ব্রেন্ট ক্রুডের দাম এপ্রিলের শেষের দিকের ১২০ ডলার থেকে অনেকটাই নিচে অবস্থান করছে।
তবে তেলের দাম বাড়লেও আজ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে আজ স্পট গোল্ড বা কাঁচা স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৫২২ দশমিক ৫ ডলারে নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক