কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ আদালতের
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ঐতিহ্যবাহী কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের নাম থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। একই সঙ্গে প্রস্তাবিত সংস্কারকাজের জন্য কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) দেওয়া রায়ে আদালতটির বিচারক ক্রিস্টোফার কুপার বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা আইনসম্মত নয়। ফলে আগামী ১৪ দিনের মধ্যে কেন্দ্রটির নাম, ভবনের বহিরাংশ, ডিজিটাল সাইনেজ এবং সব ধরনের সরকারি নথি ও প্রচারসামগ্রী থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে। খবর বিবিসির।
এর আগে ট্রাম্পের উদ্যোগে কেন্দ্রটির নাম পরিবর্তন করে ‘দ্য ডোনাল্ড জে. ট্রাম্প অ্যান্ড জন এফ. কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’ রাখা হয়েছিল। আদালতের রায়ের ফলে প্রতিষ্ঠানটির নাম আবার আগের মতো ‘জন এফ. কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’ হবে।
রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, তিনি কংগ্রেসের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ পুনরায় কংগ্রেসের কাছে হস্তান্তরের চেষ্টা করবেন। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার স্বাধীনতা না থাকলে সেখানে কাজ চালিয়ে যাওয়ার কোনো আগ্রহ তার নেই।
অন্যদিকে কেনেডি সেন্টারের মুখপাত্র রোমা দারাভি জানিয়েছেন, তারা আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে কেন্দ্রটির সংস্কার ও উন্নয়নের জন্য কংগ্রেস ২৫ কোটি ৭০ লাখ ডলার অনুমোদন করেছে এবং তারা আইনি সব পথ অনুসরণ করবে।
বিতর্কের সূত্রপাত হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, যখন ট্রাম্প কেন্দ্রটির পরিচালনা পর্ষদের কয়েকজন ট্রাস্টিকে সরিয়ে দিয়ে নিজেকে ট্রাস্টি হিসেবে নিয়োগ করেন এবং পরে চেয়ারম্যান নির্বাচিত হন। একই বছরের ডিসেম্বরে পর্ষদ কেন্দ্রটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
তবে এই সিদ্ধান্তের পর থেকেই শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েকজন শিল্পী নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেন এবং টিকিট বিক্রিও কমে যায়।
মামলার বাদীদের মধ্যে থাকা কংগ্রেস সদস্য জয়েস বিটি আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, কেনেডি সেন্টার আমেরিকার জনগণের প্রতিষ্ঠান, এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়। আদালতের রায় আইনের শাসনের বিজয়।
রায়ে বিচারক কুপার উল্লেখ করেন, কেনেডি সেন্টারের নাম কংগ্রেস নির্ধারণ করেছে এবং কেবল কংগ্রেসই তা পরিবর্তনের ক্ষমতা রাখে। তাই পরিচালনা পর্ষদ একতরফাভাবে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে পারে না।

এনটিভি অনলাইন ডেস্ক