জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত, ইরান বৈঠক নিয়ে ধোঁয়াশা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত কৌশলগত ও প্রযুক্তিগত আলোচনা বাস্তবায়নে নতুন জটিলতা দেখা দিয়েছে। চুক্তি বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা নির্ধারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড যাওয়ার কথা থাকলেও সেই সফর স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় এই ইরান বৈঠকের পরিকল্পনা এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। খবর আলজাজিরার।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র বিবৃতিতে এই সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সফর সংক্রান্ত পরিকল্পনা এখনও চূড়ান্ত রূপ পায়নি। তবে আমাদের প্রতিনিধি দল প্রথম সুযোগেই রওনা হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আলোচনার পটভূমি ব্যাখ্যা করে তিনি আরও যোগ করেন, এই ধরনের আন্তর্জাতিক ও উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনার লজিস্টিকস বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কখনই সহজ বা অনুমানযোগ্য হয় না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট আজ রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করছেন না। পরবর্তী পদক্ষেপ বা সুনির্দিষ্ট কোনো আপডেট পাওয়া মাত্রই তা সংবাদমাধ্যমকে জানানো হবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
এর আগে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনাটি আজ সুইজারল্যান্ডের বিখ্যাত পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে অনুষ্ঠিত হবে। কিন্তু হোয়াইট হাউসের এই আকস্মিক ঘোষণার পর প্রস্তাবিত বৈঠকটি নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হলো।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, তিনি এখনও সুইজারল্যান্ড যাওয়ার ব্যাপারে আশাবাদী। এই সপ্তাহের শেষ দিকে বৈঠকটি শুরু হতে পারে। তবে তা সম্পূর্ণ নির্ভর করছে ইরানি প্রতিনিধি দলের সেখানে পৌঁছানোর সময়সূচির ওপর। ট্রাম্প প্রশাসনের এই মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখার স্বার্থে আগামী ৬০ দিন দুই পক্ষ বিভিন্ন কারিগরি ও গভীরতর ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাবে। ভ্যান্সের এই সফর পিছিয়ে যাওয়াকে সেই দীর্ঘমেয়াদি আলোচনারই প্রাথমিক জটিলতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

এনটিভি অনলাইন ডেস্ক