অসংযত মন্তব্যের জেরে ট্রাম্পকে ধুয়ে দিলেন মেলোনি
জি-৭ শীর্ষ সম্মেলনে ছবি তোলাকে কেন্দ্র করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। ট্রাম্পের করা অসংযত ও অহংকারী মন্তব্যের জবাবে তাকে কড়া ভাষায় ধুয়ে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।
সম্প্রতি ইতালির একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি নাকি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য ‘ভিক্ষা’ করেছিলেন। ট্রাম্প বলেন, মেলোনি আমার সঙ্গে ছবি তুলতে এতটাই মরিয়া ছিলেন যে আমার মায়া লেগেছিল, তাই ছবি তুলেছি। তিনি আমার সঙ্গে কথা বলতে পেরে নিশ্চিতভাবেই খুব খুশি।
ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ইতালি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক ভিডিও বার্তায় ট্রাম্পকে জবাব দেন জর্জিয়া মেলোনি। ট্রাম্পের দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ আখ্যা দিয়ে মেলোনি বলেন, আমি সত্যি স্তব্ধ। মার্কিন প্রেসিডেন্ট কেন নিজের মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন, তা আমার জানা নেই। তবে একটি কথা তার মনে রাখা উচিত- আমি বা ইতালি কখনো কারও কাছে ভিক্ষা করে না।
মেলোনি আরও কটাক্ষ করে বলেন, ট্রাম্প নিজের বন্ধুদের সঙ্গে যতটা কঠোর, পশ্চিমাদের আসল শত্রুদের সামনে ততটাই নমনীয় ও আপোষকামী।
এই অপমানের প্রতিবাদে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি তার নির্ধারিত মার্কিন যুক্তরাষ্ট্র সফর তাৎক্ষণিকভাবে বাতিল করেছেন। তিনি জানান, ট্রাম্পের এই আপত্তিকর বক্তব্য পুরো ইতালিকে অপমান করেছে। ইতালির অন্য মন্ত্রীরাও ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট তার অযোগ্যতার কারণে ইউরোপের সঙ্গে আমেরিকার সম্পর্ক ধ্বংস করছেন।

এনটিভি অনলাইন ডেস্ক