কাটল হরমুজ সংকট
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংকট নিরসনে এক নতুন তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান বিশ্ব ইতিহাসের ‘সর্বোচ্চ স্তরের’ পরমাণু পর্যবেক্ষণে সম্পূর্ণভাবে সম্মতি জানিয়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত থাকবে এবং সেখানে আর কোনো নৌ-অবরোধ করা হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান। খবর আল জাজিরার।
ট্রাম্প তাঁর পোস্টে বলেন, ইরান সর্বোচ্চ স্তরের পরমাণু পর্যবেক্ষণে পুরোপুরি সম্মত হয়েছে। যদি তারা এই শর্তে রাজি না হতো, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর কোনো আলোচনা বা চুক্তি এগিয়ে নেওয়া হতো না।
ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি এখন থেকে নৌ-অবরোধমুক্ত থাকবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। তবে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি আবার কোনো প্রয়োজন দেখা দেয়, সেজন্য মার্কিন সমস্ত যুদ্ধজাহাজ ওই এলাকাতেই অবস্থান করছে।
ইরানকে দেওয়া প্রায় ৫০ বিলিয়ন ডলারের যে নিষেধাজ্ঞা ছাড় ও তহবিল অবমুক্তির কথা চলছে, সেটির নিয়ন্ত্রণ পুরোপুরি আমেরিকার হাতেই থাকবে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি জানান, এই অর্থ একটি ‘এসক্রো অ্যাকাউন্টে’ জমা থাকবে, যা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হবে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, এই অবমুক্ত করা তহবিল দিয়ে ইরানকে কেবল খাদ্য ও ওষুধ কিনতে দেওয়া হবে। এর মধ্যে আমেরিকার কৃষকদের উৎপাদিত ভুট্টা, গম এবং সয়াবিন কেনার শর্ত রয়েছে। অর্থাৎ, অবমুক্ত করা অর্থ ঘুরেফিরে মার্কিন বাজারেই প্রবেশ করবে।

এনটিভি অনলাইন ডেস্ক