আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
ভারতের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে যৌথ অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ ও রেলওয়ে পুলিশ (জিআরপি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
বঙাইগাঁও জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) নুমান মাহাত্তা সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে জিআরপির সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান চালানো হয়। প্রাথমিক অভিযানে প্রথমে ছয়জন এবং পরবর্তীতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে ৪টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ১টি বাংলাদেশি পাসপোর্ট, ৬টি মোবাইল ফোন, ৫টি ট্রেনের টিকিট এবং ৩টি সন্দেহভাজন ভুয়া ভারতীয় ‘আধার কার্ড’ উদ্ধার করা হয়েছে।
এসএসপি নুমান মাহাত্তা আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভারতের একটি প্রতিবেশী রাজ্যের সীমান্ত দিয়ে অবৈধভাবে আসামে প্রবেশ করেছিলেন। কাজের সন্ধানে তারা সেখান থেকে অন্য কোনো রাজ্যে যাওয়ার উদ্দেশে ট্রেনে ওঠার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, ভারতের আসামে অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গুয়াহাটি ও রাঙ্গিয়া থেকে নারী, শিশু ও পুরুষসহ আরও ২৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল আসাম পুলিশ। অনুপ্রবেশের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আসাম পুলিশ প্রশাসন।

এনটিভি অনলাইন ডেস্ক