বিমার টাকার লোভে স্বামী-সন্তানকে হত্যার চেষ্টা, স্ত্রী গ্রেপ্তার
ভারতের উত্তর প্রদেশে জীবন বিমার অর্থ হাতিয়ে নেওয়ার লোভে স্বামী, ছেলে ও ভাতিজাকে খাবারের সঙ্গে বিষাক্ত সীসা (লেড) মিশিয়ে ‘স্লো পয়জন’ করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম রেনু ভাটনগর।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৩ নভেম্বর ইন্দিরাপুরম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রতিবেদনে বলা হয়, ইন্দিরাপুরম থানাধীন বসুন্ধরা এলাকার বাসিন্দা ও একটি সফল ট্রাভেল এজেন্সির মালিক সুশীল কুমার ভাটনগর ঘনঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। একইভাবে তার ছেলে ও ভাতিজার মধ্যেও অস্বাভাবিক অসুস্থতার লক্ষণ দেখা দেয়।
হঠাৎ করে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের এমন অবনতির কারণ খুঁজতে সুশীল কুমার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেন। পরীক্ষার রিপোর্টে দেখা যায়, তার শরীরে মাত্রাতিরিক্ত ও বিষাক্ত মাত্রায় সীসা রয়েছে। এরপরই তিনি বুঝতে পারেন যে তাদের ধীরে ধীরে বিষ খাইয়ে হত্যার ষড়যন্ত্র চলছে।
এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর সুশীল কুমার থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি তার স্ত্রী রেনু এবং রেনুর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নিজেকে, ছেলে ও ভাতিজাকে হত্যার চেষ্টার অভিযোগ আনেন। অভিযোগের প্রায় দুই মাস পর গত ২৩ নভেম্বর রেনুকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেনু অপরাধ স্বীকার করেছেন। লোভের বশবর্তী হয়ে এমন কাজ করেছেন বলে জানিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রেনু বলেছেন, আমার স্বামী ৫ থেকে ৬ কোটি রুপি মূল্যের ট্রাভেল এজেন্সির মালিক। তার ২ কোটি রুপির একটি জীবন বিমা রয়েছে, যেখানে আমি একমাত্র নমিনি। আমি বুঝতে পেরেছিলাম, তিনি মারা গেলে সবকিছু আমার হয়ে যাবে। লোভের বশে তাদের হত্যার উদ্দেশে আমি খাবারের সঙ্গে সীসা মেশাতে শুরু করি।
ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর রেনুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক